রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড় ফুলের বাজার

ফুল ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হলো। রাজধানীতে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় স্থায়ী ফুলের পাইকারি বাজার। সোমবার গাবতলী বেড়িবাঁধ এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বেচাকেনা শুরু হয়। নতুন এ বাজার দেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে গতি আনবে বলে আশা করছে কৃষি বিপণন অধিদপ্তর।

সৌন্দর্যের প্রতীক ফুল। এর বাণিজ্যিক চাহিদাও দিন দিন বাড়ছে। সামাজিক বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ।

রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ে ফুলের ভাসমান দোকান থাকলেও, ছিল না কোনো স্থায়ী পাইকারি বাজার। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্বাবধানে গাবতলীতে চালু হলো এ বাজার। সরকারি নীতিমালা মেনে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের ফুল ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হয়। পাইকারি বিক্রি ছাড়াও, এখানে রয়েছে ফুল সংরক্ষণের কুলিং চেম্বার ও প্যাকেজিং ব্যবস্থা। 

ফুল ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি আব্দুর রহিম বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় গাবতলীতে যে আধুনিক বাজারটা গড়ে উঠেছে, এইটার কার্যক্রম সম্প্রসারণ করার জন্য এবং স্থায়ী করার জন্য যে দুইটি অবৈধ বাজার আছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা করলে এই বাজারটা কার্যকর হবে বলে আমি মনে করি।’ 

দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ফুল রপ্তানির জন্য আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানায় কৃষি বিপণন অধিদপ্তর। 

কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘কৃষকদের যারা ফুলচাষি আছেন তাদেরকেও বাঁচাতে হবে এবং ভোক্তা যারা আছে তারা যাতে স্বল্পমূল্যে ফুল পেতে পারে, এই একটি মার্কেট চ্যানেল তৈরি করতে গেলে গাবতলী ফুলের পাইকারি বাজার অবশ্যই দরকার।’  

বর্তমানে দেশের ২৪ জেলায় ফুলের বাণিজ্যিক আবাদ হচ্ছে। বাজার ছাড়িয়েছে হাজার কোটি টাকার বেশি।