বিনিয়োগকারীদের জন্য চালু হলো বিনিয়োগ পোর্টাল 'বাংলাবিজ'

দেশের বাজারে বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারীদের সহায়তা প্রদানে চালু হলো বিনিয়োগ পোর্টাল ‘বাংলাবিজ’। আজ রোববার এই সমন্বিত বিজনেস পোর্টালটির যাত্রা শুরু হয়েছে। 

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার উদ্যোগে এবং জাইকার সহযোগিতায় তৈরি এই পোর্টালটির উদ্বোধন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব কাস্টমস সেবা ডিজিটাল করায় ৬০ শতাংশ জট কমেছে। তবে এটি যথেষ্ট নয় জানিয়ে তিনি আরও বলেন, সরকার অফলাইনে সব সার্ভিস বন্ধ করতে চায়। 

স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় বাংলাবিজ-এর ডিজিটাল সার্ভিস ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন লুৎফে সিদ্দিকী। 

বাংলাবিজ-এর মাধ্যমে বিনিয়োগকারীরা ব্যবসা শুরু করা এবং পরিচালনায় ১টি আবেদনের মাধ্যমেই টিআইএন, ট্রেড লাইসেন্স, আরজেএসসি নিবন্ধনসহ ৫টি লাইসেন্স পেয়ে যাবেন, যা আবেদনের ৩ দিনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত।