শ্রমিকদের বাধার মুখে পড়ার পর তাদের বুঝিয়ে চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশ করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সেখানে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে শ্রমিকদের সঙ্গে বসবেন তিনি।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি বৈঠকে অংশ নিতে সেখানে পৌঁছান।
এ সময় শ্রমিকদের প্রবল বাধার মুখে পড়েন তিনি। পরে আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়ে বন্দর ভবনে প্রবেশ করেন নৌ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি আন্দোলনকারীদের সঙ্গে বসবেন বলে জানান। এ সময় উত্তেজিত শ্রমিকেরা বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে শ্রমিকদের। আন্দোলনের ষষ্ঠ দিনেও স্থবির রয়েছে বন্দরের সবধরনের কার্যক্রম। এর ফলে কার্যত দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি, টার্মিনাল, শেডে, ইয়ার্ডে অচলাবস্থা তৈরি হয়েছে।