চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় ব্যবসায়ী নেতারা

চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছে দেশের চার ব্যবসায়ী সংগঠন। আসন্ন নির্বাচনের আগে বন্দরে ধর্মঘট শুরু হলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসতে পারে বলেও চিঠিতে সতর্ক করেছেন ব্যবসায়ী নেতারা।

বিইএফ, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ- এই চারটি ব্যবসায়ী সংগঠন রোববার যৌথভাবে এ চিঠি দিয়েছে। 

চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের মোট কন্টেইনার যাতায়াতের ৯৯ শতাংশ এবং সমুদ্রপথে বাণিজ্যের ৭৮ শতাংশ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। বন্দরে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। এছাড়া রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তাঁরা।

চিঠিতে ব্যবসায়ী নেতারা প্রধান উপদেষ্টাকে শ্রমিক, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমঝোতায় দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।