নীতি সুদহার ১০ শতাংশ বহাল রেখেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি এই অবস্থায় রেখে সুদহার কমানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
গভর্নর আরও বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তদের থেকে রক্ষা পেতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি। বাংলাদেশ ব্যাংক অর্ডার বাস্তবায়ন না হওয়াটা দুঃখজনক।’
গভর্নর বলেন, ‘ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার হার বাড়ায় চাপে পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।’