দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি অনেকটাই স্বস্তিকর অবস্থায় পৌঁছেছে। মঙ্গলবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে উঠেছে, যা গত ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি হ্রাস পেয়েছে এবং আমদানি-নির্ভরতা বেড়েছে। তবে এসময় রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ডলার বাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে। 

চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ৪৯০ কোটি ডলার কিনে রিজার্ভে যোগ করেছে। এতে রিজার্ভের পরিমাণ বেড়েছে। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় অনেকে এখন বিনিয়োগে আগ্রহী হবেন। মূলধন যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়বে। এতে করে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের ওপর চাপ বাড়তে পারে। 

দেশের বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের যখন চাহিদা বৃদ্ধি পাবে, তখন বোঝা যাবে যে এই রেমিট্যান্স আমাদেরকে কতটুকু সাহায্য করছে।’

তিনি আরও জানান, রিজার্ভের জন্য একটি সংজ্ঞা আছে যে, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করার যে ব্যয় তা তিনমাসের ব্যয় নির্বাহ করার মতো মজুদ থাকতে হবে। বর্তমানে সেটা বোধহয় প্রায় পাঁচ মাসের কাছাকাছি আছে।