ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযানে বাধা দিয়ে মার্কেট বন্ধ করার হুমকি দেওয়া ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।
গেল বুধবার বাজার তদারকি করতে গিয়ে রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টোর তোপের মুখে পড়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তিনি ভোক্তার জরিমানা পরিশোধ না করে উল্টো দোকানপাট বন্ধ করার হুমকি দেন।
এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজুমার্স এসোসিয়েশনের অফ বাংলাদেশ- ক্যাব। সেখানে বক্তারা বলেন, যারা রমজানে পণ্যের দাম বৃদ্ধি সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এসময় তারা আরও বলেন, এক শ্রেনীর সুবিধাভোগী ব্যবসায়ী নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করছে। পাশাপাশি পণ্যের সংকটও তৈরি করছে। এই অবস্থায় শুধু রমজান নয়, সারা বছরই বাজার তদারকি জোরদার করার আহ্বান জানায় ক্যাব। ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়া ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করারও দাবি জানান তারা।
ক্যাবের সংগঠকরা বলছেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ সহায়তা করতে হবে। এসময় ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে নতুন সরকারকে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ক্যাব নেতৃবৃন্দ। পণ্যের দাম বৃদ্ধি করে কোন ব্যবসায়ী যাতে বাজারকে অস্থির করতে না পারে সেজন্য ভোক্তাদেরও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায় ক্যাব।