মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট চলছে: বিমান

মধ্যপ্রাচ্যের ৪টি রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমানের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। তবে এই ৬টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুট—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটে ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটগুলোর যে যাত্রীরা ওই সময়ের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তাঁরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন।

বিমানের ফ্লাইট-সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীদের বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমানের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।