চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০৫ কোটি ডলার।
এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাসে প্রবাসী আয়ে হতে পারে নতুন রেকর্ড। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে। সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।
গত মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতে, দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি মার্কিন ডলার। আগের বছরের (২০২৫) একই সময়ের চেয়ে এ বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৫০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৯০ শতাংশ বেশি।