দেশের আর্থিক খাতের সাইবার ঝুঁকি মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে এ নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনলাইন সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম, ক্লাউড কম্পিউটিংসহ ইন্টারনেট ভিত্তিক তথ্যপ্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সাইবার হুমকি এবং কারিগরি দুর্বলতাও বাড়ছে। সাইবার হুমকি মোকাবিলায় গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নথিপত্র সংরক্ষণ, সুরক্ষিত সিস্টেম বজায় রাখা এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, সাইবার হামলা, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার সংক্রমণ, র্যানসমওয়্যার এবং ডাটা ব্রিচ বা তথ্য চুরির মতো ঘটনা আর্থিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি, পরিচালনাগত বিঘ্ন এবং সুনামহানির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন এ নীতিমালায় সাইবার সিকিউরিটি গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও উপাত্ত সুরক্ষা, নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তা, এক্সেস কন্ট্রোল, সাইবার হুমকি পর্যবেক্ষণ ও ইনসিডেন্ট ব্যবস্থাপনা, থার্ড-পার্টি ও আউটসোর্সিং ঝুঁকি ব্যবস্থাপনা এবং অডিট ও কমপ্লায়েন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।