ভ্যাট অডিটে স্বচ্ছতা আনতে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট’ চালু

সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠানকে বাছাই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-ভ্যাট সিস্টেমে অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল সফলভাবে চালু করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এই মডিউলে ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত ওয়েটেজ বা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে।

এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট শেষে প্রত্যাশিত ফল না এলে রিস্ক ক্রাইটেরিয়া ও ব্যবহৃত ওয়েটেজ পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।