শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম সংসদকে জানালেন অর্থমন্ত্রী

গত ৩১ ডিসেম্বর স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা। একই সঙ্গে তিনি এস আলমসহ শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা।

খেলাপি ঋণ আদায়ে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, যেসব ব্যাংকে ১০ শতাংশের বেশি শ্রেণীকৃত ঋণ রয়েছে, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করে সমস্যা চিহ্নিত করা হচ্ছে।