টানা চার মাস বৃদ্ধির পর কিছুটা কমল মূল্যস্ফীতি

দেশে টানা চার মাস ধরে বৃদ্ধির পর মূল্যস্ফীতি এবার কিছুটা কমল। মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য হ্রাস পেয়ে ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মার্চ মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। 

অন্যদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বরং কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারির ৯ দশমিক শূন্য ১ শতাংশের বিপরীতে মার্চ মাসে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ হয়েছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি।

এদিকে, গত মার্চ মাসে জাতীয় মজুরি হার হয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। অর্থাৎ, মূল্যস্ফীতি যত হয়েছে, এর চেয়ে মজুরি কম বেড়েছে। ফলে বাজার থেকে পণ্য কিনতে ভোগান্তি বাড়ছে।