ক্রুড অয়েল আমদানিতে টান, ইস্টার্ন রিফাইনারিতে আছে সপ্তাহখানেকের মজুত

অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানি না হওয়ায় চরম সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমান মজুত দিয়ে প্রতিষ্ঠানটি বড়জোর সপ্তাহখানেক চলতে পারবে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত মাসে মধ্যপ্রাচ্য থেকে সময়মতো তেল আসতে পারেনি। তবে জ্বালানি বিভাগ বলছে, বিকল্প উৎস থেকে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি আনার চেষ্টা চলছে।

সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে আসে প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল। এরপর মার্চে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আরও দুই লাখ টন আসার কথা থাকলেও হরমুজ প্রণালির অচলাবস্থায় তা আর আসেনি। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত তেলের মজুদ নেমে এসেছে দুই হাজার টনের নিচে।

দৈনিক সাড়ে চার হাজার টন তেল পরিশোধন করা হলেও, সংকট মোকাবিলায় রিফাইনারিটেতে তা কমিয়ে আনা হয়েছে সাড়ে তিন হাজারে। ট্যাংকের তলানিতে থাকা প্রায় ১০ হাজার টন ডেডস্টক ও পাইপলাইনে থাকা আরও পাঁচ হাজার টন এখন শেষ ভরসা। ইস্টার্ণ রিফাইনারি বন্ধ হলেও দেশে জ্বালানি সংকট হবে না দাবি মন্ত্রণালয়ের।

এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা যদি এই আটদিনের জন্য আগে আগেই একটা ক্রুড ওয়েলের কার্গো নিয়ে আসতে পারি তাহলে আমাদের রিফাইনারিটাকে সচল রাখা যাবে। সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজ প্রণালিকে এড়িয়ে আসা যাবে।’

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন রিফাইনারির ডিজাইন করা হয়েছে নির্দিষ্ট কিছু ক্রুড অয়েল পরিশোধনের জন্য, যা চাইলেই হুট করে অন্য দেশের তেল দিয়ে প্রতিস্থাপন করা কঠিন।

জ্বালানি বিশেষজ্ঞ মনজারে খোরশেদ আলম বলেন, ‘যাদের কাছে ক্রুড মজুত আছে তারা হয়তো ওগুলো দিয়ে বিভিন্ন দেশে রিফাইন করতেছে এবং সেগুলো থেকে আমরা একচুয়ালি ফিনিশড প্রোডাক্টগুলো আনছি। এখানে মধপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য দেশের ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। অন্যন্য দেশে যেসব রিফাইনারি আছে যেমন রাশিয়া–চায়না বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে।’

সম্প্রতি ইরান কয়েকটি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে। এতে সংকট কিছুটা কমতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।