ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার দুপুরে ‘অয়েল প্রাইস ডটকম’-এর দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের আদর্শ মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ ডলারে।
মঙ্গলবার রাতেই যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়সীমা শেষ হচ্ছে। এর মধ্যেও ইরানে হামলা বন্ধ হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তেহরানকে আর সময় দেওয়া হবে না। তিনি চাইলে আজ রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক মন্তব্যের জেরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।