ফুয়েল কার্ড চালু, নিবন্ধন করতে না পারার অভিযোগ  

জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীবাসী। বেশিরভাগ পাম্পেই মিলছে না তেল। যে দুয়েকটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত। পরীক্ষামূলকভাবে চালু করা ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও রয়েছে নানা অভিযোগ। 

জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু করা কিউআর কোড সংবলিত ডিজিটাল ফুয়েল কার্ডের কার্যক্রম নিয়ে উঠেছে অভিযোগ। অফিসগামী এক ব্যক্তি বলেন, ‘ফুয়েল কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে চেষ্টা করছিলাম। গতকাল থেকে ট্রাই করছি রেজিস্ট্রেশন করতে পারিনি।’ অপর একজন জানান, ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছে না।

এদিকে পাম্প-সংশ্লিষ্টদের অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে ৫ দিন ধরে ডিজেল পাচ্ছেন না। রাজধানীর একটি পাম্পের দায়িত্বরত ব্যক্তি বলেন, ‘প্রতিদিন কয়েক ঘণ্টায় হাজার হাজার লিটার তেল বিক্রি হয়। এত যে তেল বিক্রি হয় সেগুলো কই যায়?’

কিছু পাম্পে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। মিলছে যৎসামান্য তেল। বেশি বিপাকে বাইক রাইডার ও অফিসগামী মানুষ।

ভুক্তভোগী এক বাইক রাইডার বলেন, ‘একটা বাইক দিয়ে ইনকাম করে পরিবার চালাই। তেল নিতেই যদি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াই তাহলে কীভাবে চলবো?’ 

তেলের অপেক্ষায় থাকা আরেকজন বলেন, ‘৪৮ ঘণ্টা অপেক্ষা করে তেল পাইছি।’  

রাজধানীর বেশ কিছু স্থানে পাম্পে অপেক্ষমান যানবাহনের কারণে সৃষ্টি হয়েছে যানজট। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ।