যুদ্ধ করছে ইরান–আমেরিকা, এদিকে রাশিয়ার পোয়াবারো

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত মার্চে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে প্রায় দ্বিগুণ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদা ধরে রাখতে রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এ কারণেই আয় বেড়েছে রাশিয়ার।

আইইএ জানায়, জ্বালানি তেল রপ্তানি করে মার্চে রাশিয়া ১৯ বিলিয়ন (১ হাজার ৯০০ কোটি) ডলার আয় করেছে। গত ফেব্রুয়ারিতে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল বাড়ার ফলে মার্চে এটি দাঁড়িয়েছে মোট ৭১ লাখ ব্যারেলে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটির অপরিশোধিত তেল রপ্তানিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে আমেরিকা। সম্প্রতি সেগুলো শিথিল হয়েছে। এর ফলে সমুদ্রে থাকা রাশিয়ার তেল আগামী ১১ এপ্রিল পর্যন্ত কেনার সুযোগ পেয়েছে বিভিন্ন দেশ।