যুদ্ধকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার সচিবালয়ে তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জ্বালানি মন্ত্রী বলেন, ‘যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ওপরেই সে প্রভাব পড়েছে। সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি যুক্তরাষ্ট্রও তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে। যুদ্ধ লাগার পর থেকে আমদানি করে স্টক তৈরি করতে যে দাম লেগেছে, তার থেকে নিচে তেলের দাম সমন্বয় করা হয়েছে।’
জ্বালানি মন্ত্রী আরও বলেন, ‘এটা করতে বাধ্য হয়েছি, কারণ তেল বৈদেশিক মুদ্রায় কিনতে হয়। যাতে দাম কিছু বাড়লেও সহনীয় লেভেলে থাকতে পারি, সে ব্যবস্থা করেছি। তেলে এখনও ভর্তুকি দিতে হচ্ছে।’
গতকাল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এ ছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।