আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খাঁনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার এ সংক্রান্ত এক আদেশ আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

আভিভা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বহুল আলোচিত পি কে হালদার এবং চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম।

পিকে হালদারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি প্রায় লুট হয়ে যায়। ফলে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশেরও বেশি। পিকে হালদার দেশত্যাগ করলে প্রতিষ্ঠানটির নাম রিলায়েন্স ফাইন্যান্স থেকে পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বসায় কেন্দ্রীয় ব্যাংক।