শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক ভেহিকল) আমদানির ওপর শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বিজ্ঞপ্তি অনুসারে, শুল্ক-কর অব্যাহতি পেতে ন্যূনতম ১৭ আসন (সিট) বিশিষ্ট সম্পূর্ণ নূতন ইলেকট্রিক বাস (বৈদ্যুতিক বাস) আমদানি করতে হবে। এছাড়া কেবলমাত্র শিক্ষার্থীদের পরিবহনের কাজেই এই বাস ব্যবহার করা যাবে। এই সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত গৃহীত হয় আজকের মন্ত্রিসভা-বৈঠকে।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে, যেখানে এই শুল্ক ছাড়ের সুবিধা পেতে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। আদেশে উল্লেখ আছে, আমদানি করা বাসগুলো অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে এবং সেগুলোতে অন্তত সাত বছর বা তিন লাখ কিলোমিটারের ওয়ারেন্টি থাকতে হবে। 

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি, উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই সুবিধা পাবে। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্টুডেন্ট ট্রান্সপোর্ট পুলে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ থাকলেও এই সুবিধার আওতায় বৈদ্যুতিক বাস আমদানি করা যাবে।