আওয়ামী লীগের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ইসলামী ধারার ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসব ব্যাংকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কি না, তা-ও যাচাই করা হবে।
তদন্তাধীন ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
অভিযোগ রয়েছে, জাল সনদসহ কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাংকগুলোতে বিপুলসংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শক দল এরই মধ্যে কাজ শুরু করেছে। তারা নিয়োগ সংক্রান্ত অনিয়ম যাচাই-বাছাই করছে।
এছাড়া ৫ আগস্টের পর ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অনেককে চাকরিচ্যুত করা হয়। এই ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কি না, তাও যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক।