বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহায়তার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, কৃষি, খাদ্য, বিমানসহ ১৫টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নিদর্শনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা।
বাণিজ্য ও শিল্প মন্ত্রী আরও জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার কথা। ইমাম ও মোয়াজ্জিনদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন জেলা প্রশাসকেরা। চামড়ার মান রক্ষায় ঈদ-পরবর্তী ৭ দিন ট্রাকে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে।
দেশের পর্যটন খাতকে আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। পর্যটনমন্ত্রী জানান, তিন মাসের মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
এদিকে দুর্নীতি কমিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তিনি জানান, সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।