গ্রামে লোডশেডিংয়ের যে কারণ জানালেন বিদ্যুৎ ও জালানিমন্ত্রী

লোডশেডিং সাময়িক সমস্যা, উৎপাদনের যে সামর্থ্য আছে তাতে এটি কাটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রমে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, কিছু দিন আগে জ্বালানির যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, সে বিষয় সমাধানে ইতিবাচক ভূমিকা রাখায় জেলা প্রশাসকদের ধন্যবাদ।

লোডশেডিং নিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘লোডশেডিং একটা সাময়িক সমস্যা। আমাদের যে উৎপাদনের যে সামর্থ্য আছে তাতে এ সমস্যা কাটানো যাবে।’

তিনি বলেন, ‘গরম বাড়লে লোডশেডিং হবে কি হবে না তা এখনই বলা যায় না। ক্যাপাসিটি চার্জ নিয়ে আজও কথা হয়েছে। এ বিষয়ে সমাধান আসবে।’

তেলের সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে তেলের সংকট কখনও ছিল না। তেলের সংকটের জন্য কখনও বিদ্যুতের সংকট হয় না। জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টিতে দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে।’ 

সোলার প্যানেল নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত উৎপাদনের যে পরিকল্পনা আছে তা বাস্তবায়নে জেলা প্রশাসকদের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দুই তিন মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

গ্রামে লোডশেডিং নিয়ে মন্ত্রী বলেন, ‘গ্রামে কোনো লোডশেডিং নেই, যেটা হয় সেটা পল্লীবিদ্যুতের লম্বা লাইনের জন্য। কারণ সেখানে ত্রুটি হলে খুঁজে সংস্কার করতে সময় লাগে। এ জন্য বিদ্যুতটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’