আকুর ১৫১ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন -আকুর মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এই অর্থ রিজার্ভ থেকে সমন্বয় করা হবে , ফলে দেশের রিজার্ভে আবারও চাপ পড়বে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী, দেশে রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। 

প্রসঙ্গত, বাংলাদেশের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার। 

উল্লেখ্য, আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। 

অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।