ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতিতে অলিগার্ক শ্রেণি (অত্যন্ত ধনাঢ্য) সুবিধা নিয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। বর্তমান সরকার সেটা ভাঙছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে, প্রান্তিক অর্থনীততে বড় ইতিবাচক প্রভাব পড়বে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, স্বাস্থ্যসেবায় জনগণের পকেট থেকে খরচের হার বাংলাদেশে আফগানিস্তানের চেয়ে বেশি। সরকার এজন্য স্বাস্থ্য কার্ড দেবে। এসব সুবিধা না দিলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (জনসংখ্যাগত লভ্যাংশ) সুবিধা নিতে পারব না।