টিসিবির পণ্য বিক্রি আজ শুরু, বেড়েছে ভোজ্যতেলের দাম

এবার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে সয়াবিন তেল বিক্রি হবে ১৩০ টাকায়। আজ সোমবার থেকে টিসিবি ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে করে পণ্য বিক্রি করবে। পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্য তেল, চিনি ও মশুর ডাল।

প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্য তেল ১১৫ টাকায় বিক্রি করেছে।

এর আগে বেসরকারি সরবরাহকারীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, যা ভোক্তার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।