আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, অতীতে অব্যবস্থাপনা ও দুর্বল নজরদারির সুযোগে বিপুল অর্থ পাচার হয়েছে।
এদিকে আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে বিনিয়োগের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা।
একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন যেকোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক স্বাস্থ্য তুলে ধরে। যার ওপর ভিত্তি করে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীদাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সম্মেলনে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে এফআরসিকে শক্তিশালী করার তাগিদ দেয়া হয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, অতীতে ভুয়া আর্থিক প্রতিবেদনের জন্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে। যার প্রভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা পাচার হয়েছে।
তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের বড় সুযোগ তৈরি হয়েছে। কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না।
সম্মেলনে ব্যবসায়ীরাও আর্থিক প্রতিবেদনের দুর্বলতাকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বলেন, স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রতিবেদন ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।