জেট ফুয়েলের দাম কমেছে

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমায় কারণে দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।

নতুন সমন্বিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা।

আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ০.২৫৬ ডলার দাম কমেছে। এখন প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১.৮২ ডলার।

বিইআরসি জানায়, রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

যদিও চলতি মাসের ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১.৩৩ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।