কোরবানির ঈদ: চামড়া সংগ্রহের প্রস্তুতি চলছে, আছে শঙ্কাও

কোরবানির পশুর চামড়া সংগ্রহে প্রস্তুত পুরান ঢাকার পোস্তার আড়ৎগুলো। এরই মধ্যে মজুদ করা হয়েছে লবণ। নিয়োগ দেয়া হয়েছে মৌসুমী শ্রমিকও। তবে ট্যানারি মালিকদের কাছে বকেয়া বিপুল পরিমাণ টাকা আর লবণের চড়া দামের কারণে চামড়ার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে ঈদের জামাতের পর সারাদেশে শুরু হবে পশু কোরবানি। এরপরই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা চামড়া আসতে শুরু করবে আড়তগুলোতে। সে লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে দেশের অন্যতম বড় চামড়ার আড়ৎ পোস্তার ব্যবসায়ীরা।

আড়ৎদাররা বলছেন, এবার গরু, ছাগলসহ বিভিন্ন পশুর ভালো পরিমাণ চামড়া সংগ্রহের সম্ভাবনা রয়েছে। তবে লবণের বাড়তি দাম বিপাকে ফেলেছে তাদের। চামড়ার মান ভালো রাখতে সঠিক পরিমাণ লবণ দেয়ার বিকল্প নেই।

চামড়া কেনার জন্য নগদ অর্থের সংকটের দাবি জানিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতি। ট্যানারি মালিকদের কাছে এখনো শত কোটি টাকার বেশি পাওনা তাদের। বকেয়া আদায়ে সরকারি সহায়তার দাবি তাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।