ঈদের ছুটিতে ঢাকার ফাঁকা বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি

ঈদুল আজহার ছুটি চলমান থাকায় রাজধানীর বাজারগুলো প্রায় ক্রেতাশূন্য। সরবরাহ সংকটে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সবজির দাম। সেইসাথে মুরগির বাজারও চড়া। 

আজ শনিবার ঈদের তৃতীয় দিনেও পুরোপুরি স্বাভাবিক রূপে ফেরেনি ঢাকা, কোথাও নেই শহুরে ব্যস্ততা। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। বাজারে একদিকে যেমন সবজির সরবরাহ কম, অন্যদিকে তীব্র ক্রেতা-সংকট বিদ্যমান। 

তবে ক্রেতা কম থাকলেও কমেনি সবজির দাম। বেশিরভাগ দোকান বন্ধ থাকায় সবজির পরিমাণও ছিল কম। এ কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ঈদের আগে যার দাম ছিল ১৮ থেকে ২০ টাকা। এক পোয়া কাঁচা মরিচের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর প্রতি কেজি শসা কিনতে গুণতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

পটলের দাম ঈদের আগে ৫০ টাকা থাকলেও শনিবার প্রতি কেজির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ টাকা। পাশাপাশি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে গাজর, টমেটো ও বেগুনের দাম। এছাড়া ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা আর বরবটি প্রতি কেজির দাম ৮০ টাকা।

সবজির পাশাপাশি মুরগির দামও ঊর্ধ্বমুখী। সোনালি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়।