মে মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ শতাংশ

দেশে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মে মাসেও বজায় ছিল প্রবাসী আয়ের ইতিবাচক ধারা। এ সময় দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

মে মাসে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ২৯৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। 

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস ধরে দেশে প্রতি মাসে প্রবাসী আয় আসছে তিন বিলিয়ন বা তিনশ কোটি ডলারের বেশি। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রবাসী আয়ে ডলারের দাম বেশি পাওয়া যাচ্ছে। কারণ দেশে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমেছে। প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক।