মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
এর আগে, অগ্রিম আয়কর বসছে এমন খবরে এনবিআর-এর সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেন মোটরসাইকেল চালকরা। এরই পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে নির্ধারিত কর হার অর্ধেক করার পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। তবে পরবর্তীতে আসছে বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্তেই এনবিআর উপনীত হতে যাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে এনবিআর মোটরসাইকেল থেকে বছরে ৫ থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের পরিকল্পনা করেছিল।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা থেকে সরে আসতে যাচ্ছে এনবিআর। যদিও নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সঠিক কোনো পরিসংখ্যান নেই।