বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার পদ ছাড়লেন

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনারও।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের আস্থা সংকট, বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল বর্তমান কমিশন।

সম্প্রতি খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি পালন করেন।

বাজারসংশ্লিষ্টদের মতে, কমিশনের বিদায়ের মধ্য দিয়ে পুঁজিবাজারে একটি বিতর্কিত অধ্যায়ের অবসান হলো।