এবার পশু কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

প্রেস ব্রিফিংয়ে এবারের কোরবানির ঈদে পশু কোরবানির একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, এ বছর দেশি পশুতেই শতভাগ কোরবানি হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এ বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রস্তুত ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে কোরবানি শেষে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত রয়েছে। 

তিনি আরও বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই শতভাগ কোরবানির চাহিদা পূরণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৮ লাখ ৬৪ হাজার, ছাগল ও ভেড়া ছিল ৪৫ লাখ ২ হাজার এবং অন্যান্য পশু ১ হাজার। সর্বোচ্চ ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। 

প্রাথমিকভকাবে ধারণা করা হচ্ছিল, এবারের ঈদুল আজহায় গত বছরের তুলনায় পশু কোরবানি কম হয়েছে। তবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর পশু কোরবানি বেড়েছে ২ লাখ ৩১ হাজার ৪১৮টি।