দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট বৈঠকে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে সরকার। একই সাথে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, কৃষি খাতে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিবর্তনের জন্য পানিসম্পদ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে কাজ চলছে। পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারি ব্যয়ের কার্যকারিতা আগের চেয়ে আরও বৃদ্ধি করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক সংস্কারের কোনো বিকল্প নেই। ব্যাপক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বেসরকারি খাতের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে পারলেই কেবল টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।