মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা অসম্ভব: সিপিডি 

প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে কমিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। রাজস্ব আহরণসহ বাজেটের বেশ কিছু লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি বলেও মনে করেন সংস্থাটির গবেষকরা। 

প্রতিবারের মত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটের সুফল পেতে হলে আগে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার।

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন,  ‘উচ্চ মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণে নিম্নহার আর জ্বালানি সংকট এই মুহুর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিশাল বাজেট দিয়েছে সরকার। যা বড় আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটালেও বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং।’ ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা কঠিন বলে মনে করেন তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খতুন বলেন, ‘বাজেটে জমি, ভবন কিনে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় কর বৈষম্য বাড়ে। কর জাস্টিস বা করের ন্যায্যতা হয় না।’ বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্তক হওয়ার পরামর্শ তার। 

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বড়েছে। এটাকে ইতিবাচক মনে করে সিপিডি। তবে এসব খাতে সরকারি ব্যয়ে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি।