চালের দাম বেড়েছে, মাছ-মুরগি-সবজিতেও নেই স্বস্তি 

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। চড়া মাছের বাজার, মুরগির দামও। চালের দামও ঊর্ধ্বমুখী। মানভেদে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। 

শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে অন্যদিনের চেয়ে ক্রেতাদের ভিড় অনেকটাই বেশি চোখে পড়ে। সরবরাহও রয়েছে পর্যাপ্ত। তবে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় ক্রেতারা ক্ষুব্ধ। দাম বেশি থাকায় অনেকেই চাহিদার তুলনায় কম পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।

মাসখানেক আগেই বোরো ধান উঠেছে কৃষকের ঘরে। বাজারে নতুন চালের ঘাটতি না থাকলেও হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই বেড়েছে দাম। মানভেদে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়। মোটা চাল ৫০ থেকে ৫৫। আর পোলাওয়ের চালের কেজিতে ২০ টাকা বেড়েছে। 

স্বস্তি নেই সবজির বাজারেও। সরবরাহ পর্যাপ্ত, তা স্বত্বেও গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কিনতে বাড়তি গুণতে হচ্ছে ২০-৩০ টাকা। বেগুনের কেজি ৮০-১০০ টাকা, করলা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে পেঁপে, চিচিঙ্গা, ঝিঙ্গাসহ অন্যান্য সবজিরও।

মুরগির বাজারেও একই চিত্র। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। তবে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল। মাছ বাজারও চড়া। 

কোনো ধরনের সংকট ছাড়াই পণ্যে বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। সরকারি তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।