দেশের ব্যাংকিং খাতের ভিত মজবুত করা, অর্থনীতির পুনরুদ্ধার এবং কর্মসংস্থান তৈরিতে ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থার ঢাকা অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এ ঋণ ব্যাংক খাতের সংকট নিরসন এবং সংস্কারের ভিত্তি তৈরি করবে বলে আশা করে বিশ্বব্যাংক।
এ অর্থায়নের মূল লক্ষ্য সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন ও সমাধানের ভিত্তি তৈরি করা। এরমধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা এবং সরকারি ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার।
এ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোকে আধুনিকায়ন ও উন্নতিও করা হবে। এতে ঝুঁকি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে, তথ্য ও ঝুঁকিভিত্তিক তদারকি জোরদার হবে এবং আর্থিক খাতের সামগ্রিক স্থিতিস্থাপকতা বাড়বে।