নজরদারি নিশ্চিত হলে ভোজ্যতেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা সরকার ভাববে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ৩০টি পণ্য নিয়ে এআই মডেল তৈরি করে বাজারের নজরদারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি নিম্নমুখী। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারো রপ্তানি বাড়বে। পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য জ্বালানি সংক্রান্ত কারণে যত শিল্পকারখানা সমস্যায় আছে, সেগুলো ২৪ ঘণ্টা সচল করতে কাজ করছে সরকার।
এসময় সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।