দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
বাজুস জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরির সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা থেকে কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
এর আগে সোমবার সর্বশেষ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে করা হয় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।