জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, যে কারণ জানাল আইএমএফ

সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইএমএফ এ পূর্বাভাস দেয়। এতে বলা হয়, রাজস্ব আহরণ জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের দুর্বলতা দূর করার প্রয়োজনীয় সংস্কার না করলে মধ্যমেয়াদে এ হার আরও কমে ৩ শতাংশের নিচেও নেমে যেতে পারে।

সরকারের নতুন ঋণপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই থেকে আইএমএফের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের ঢাকা সফর শেষ করে। দলটির নেতৃত্ব দেন আইএমএফের মিশন প্রধান ইভো ক্রজনার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ১৪ শতাংশ। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ।