বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষেত, রাজধানীতে কাঁচামরিচের দাম দ্বিগুণ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে।

রাষ্ট্রীয় সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ২০০ টাকায়। অথচ এক মাস আগে একই মানের মরিচের দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। ফলে কেজিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ১০০ টাকা।

ব্যবসায়ীরা জানান, সপ্তাহ দেড়েক আগে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে যায়। তখন থেকেই কাঁচামরিচের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের।

ব্যবসায়ীদের মতে, উৎপাদন স্বাভাবিক হলে এবং নতুন করে বাজারে সরবরাহ বাড়লে কাঁচামরিচের দাম কিছুটা কমতে পারে।