ফেব্রুয়ারির অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির প্রভাব পড়েছে জিডিপিতে

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা কমে হয় ৩ দশমিক ০৩ শতাংশ। তৃতীয় প্রান্তিকে আরও কমে দাঁড়ায় ২ দশমিক ২২ শতাংশে। অর্থাৎ টানা দুই প্রান্তিক ধরে প্রবৃদ্ধি নিম্নমুখী।

অর্থনীতিবিদদের মতে, গ্যাস ও বিদ্যুতের সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপ, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক অনিশ্চয়তার সম্মিলিত প্রভাবেই প্রবৃদ্ধির এই ধীরগতি দেখা দিয়েছে।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, কৃষি, শিল্প ও সেবা—তিন প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শিল্প খাত, যেখানে প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে শূন্য দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে। কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৫২ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছর থেকে প্রথমবারের মতো নিয়মিত প্রান্তিকভিত্তিক জিডিপির হিসাব প্রকাশ করছে বিবিএস। চার প্রান্তিকের তথ্য প্রকাশের পর চূড়ান্ত বার্ষিক জিডিপি হিসাব প্রকাশ করা হবে।