গ্যাসের অভাবে ভয়াবহ সংকটে চামড়া শিল্প

তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান।এতে বাড়ছে আর্থিক ক্ষতির ঝুঁকি। পাশাপাশি নির্ধারিত সময়ে বিদেশে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ অবস্থায় রপ্তানি আদেশ বাতিলের শঙ্কায় অনেকে। 

সাভার চামড়া শিল্প নগরীর সালমা ট্যানারি। এভাবেই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে পশম ছাড়ানো পশুর চামড়া। গ্যাসের অভাবে পুরোপুরি প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। বেশির ট্যানারিতে একই চিত্র। 

গ্যাসের অভাবে বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ রাখতে হয়। অনেকে কাজ করছেন সনাতন পদ্ধতিতে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় নিয়মিত বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকরা। মালিকদের অভিযোগ, শিল্প মন্ত্রণালয়ে বারবার জানিয়েও কোনো সমাধান মিলছে না। বাতিল হচ্ছে অনেক রপ্তানি আদেশ।  

এ বিষয়ে এক ট্যানারি শ্রমিক জানান, দীর্ঘ একমাস ধরে গ্যাস থাকে না। গ্যাসের কারণে ট্যানারি প্রায় বন্ধের মুখে। এতে কোম্পানির অনেক টাকা ক্ষতি হচ্ছে, আমাদের মেশিন প্রায় সারাদিনই বন্ধ থাকে।

গ্যাস সংকট প্রসঙ্গে ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ বলেন, 'আমাদের কাস্টমাররা যদি এখান থেকে চলে যায়, পরবর্তীতে এদেরকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে খুবই কষ্টকর হবে। আমাদের প্রত্যেকটা পয়েন্টে গ্যাসের প্রয়োজন, আমাদের উৎপাদন পুরোপুরি বন্ধ। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই সেক্টরকে বাঁচাতে হলে অতি দ্রুত এখানে গ্যাসের ব্যবস্থা করতে হবে।'

শিল্প সচিব আব্দুন নাসের খানের দাবি, গ্যাস সংকট সমাধানের দায়িত্ব জ্বালানি মন্ত্রণালয়ের। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। 

এ বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, 'এক্ষেত্রে জ্বালানী মন্ত্রণালয়ের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এটাতো আসলে জ্বালানী মন্ত্রণালয় গ্যাসটা দিবে। আমাদের দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট উনারা পাবেন, এটা আমরা বলেছি।' 

বিশেষজ্ঞরা বলছেন, ট্যানারি শিল্পে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করতে না পারলে তা সামগ্রিক রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। 

লেদার ওয়ার্কিং গ্রুপের সাবেক অডিটর আফজাল হোসাইন বলেন, 'জ্বালানী নিশ্চয়তা সমন্বয় করতে পারলেই কিন্তু বিদেশি বিনিয়োগ, দেশি উৎপাদন, আমার অর্থনীতি (ঠিক থাকবে)। অর্থনীতির চালিকাশক্তিই এই জ্বালানী... এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় দ্রুত সমন্বয় দরকার।' 

চামড়া শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সৌর বিদ্যুতে জোর দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের।