টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ভোক্তাদের যে বার্তা দিল বিএসটিআই

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে বিএসটিআই। এ বিষয়ে বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিএসটিআই। 

সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় টুথপেস্টের ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। 

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টুথপেস্ট গিলে ফেলা যাবে না এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে হবে। পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনি যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা টুথপেস্টকে অনিরাপদ বা নিম্নমানের বলে ঘোষণা করাও ঠিক হবে না। 

জনস্বাস্থ্য ও পরিবেশের সাথে সম্পর্কিত হওয়ায় বিষয়টিকে বিএসটিআই গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।