গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে সরকার।
পাট অধিদপ্তরের খসড়া কৌশলপত্র অনুযায়ী, বর্তমানে ৮২ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় পাঁচ বছরের মধ্যে ১৬৪ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি কাঁচা পাটের উৎপাদন বাড়ানো, দেশীয়ভাবে ৮৫ থেকে ৯০ শতাংশ পাটবীজের চাহিদা পূরণ, এবং মোট রপ্তানিতে মূল্য সংযোজিত পণ্যের অবদান ৪৫ শতাংশ থেকে ৭০ শতাংশে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে সরকারের।
সার্বিকভাবে পাট খাতের উন্নয়নে সর্বোচ্চ ৪ হাজার ৭৫০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে পাট অধিদপ্তর। সাম্প্রতিক বছরগুলোতে এ খাতে রপ্তানি আয় হ্রাস পাওয়ার পেছনে সীমিত বাজার, আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা এবং ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ককে দায়ী করা হচ্ছে।