লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, তবুও বেড়েছে রাজস্ব প্রবৃদ্ধি

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদায়ী অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে সংস্থাটি।

সংশোধিত বাজেটে এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ, অর্থবছরে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। 

গত মঙ্গলবার রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে এনবিআর। 

সংস্থাটির তথ্যানুযায়ী, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রাজস্ব আদায়ে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।  বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাতে মোট আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা।

এ ছাড়া আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১১৯ কোটি টাকা। আর রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্যসংযোজন কর বা ভ্যাট খাত থেকে এসেছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা।