সবার জন্য অভিন্ন কিউআর বা কুইক রেসপন্স বাধ্যতামূলক করার পর গত মাসে বাংলা কিউআরে মোট ১ হাজার ২৫০ কোটি টাকার পেমেন্ট হয়েছে বা অর্থ পরিশােধ করা হয়েছে। চলতি বছরের প্রথম মাসে অর্থের অঙ্কটা ছিল ২১২ কোটি টাকা। এ হিসাবে প্রথম ৭ মাসে বাংলা কিউআরে অর্থ পরিশােধ প্রায় ৬ গুণ বেড়েছে।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশের সকল ব্যাংক ও এমএফএস-এ কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরে প্রতিস্থাপন বাধ্যতামূলক করা হয়। যদিও ২০২৩ সালেই আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেন নিষ্পত্তির এ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক।
মূলত লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ছাপানো নোটের ব্যবহার কমিয়ে লেনদেনকে নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়। কিউআর-ভিত্তিক লেনদেনে মার্চেন্ট থেকে এক শতাংশ চার্জ কাটা হয়।
তবে ক্ষুদ্র মার্চেন্টের ক্ষেত্রে এই চার্জ যাতে প্রযোজ্য না হয় সেজন্য সম্প্রতি একশ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ব্যাংক ও এমএফএস'সহ ৩৭টি প্রতিষ্ঠান বাংলা কিউআরে যুক্ত হয়েছে।