সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পুরোনো বাধা-বিপত্তি দূর করে ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। যারা দেশের স্বার্থ সমুন্নত রেখে কাজ করতে রাজি হবে, তাঁদের সঙ্গে সরকার কাজ করবে।
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ব্যবসায়িক হাব সৃষ্টিকে ঘিরে এডিবি বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে বলেও জানান অর্থমন্ত্রী।
এছাড়া বন্দর ও কাস্টমের কার্যক্রমকে গতিশীল করতে স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে বিশেষ সমন্বয় কমিটি করা হয়েছে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে বন্দরের কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপামি কম সময়ে পণ্য খালাস ও জাহাজীকরণ সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।