বছরের প্রথম ৬ মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়ার পাশাপাশি বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় না হওয়াই মূল কারণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাস শেষে সোনালী, জনতাসহ রাষ্ট্রায়ত্ব ৫ বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা।
একই সময়ে ব্যাংকগুলোর বড় আকারের প্রভিশন ও মূলধন ঘাটতিও রয়েছে।
ব্যাংকাররা বলছেন, বিগত সরকারের সময়ে বড় ব্যবসায়ী গ্রুপগুলোকে দেওয়া বিপুল ঋণের একটি অংশ এখন খেলাপি হচ্ছে। আবার পুরোনো খেলাপি ঋণ আদায়েও গতি বাড়েনি। ফলে কিছু ঋণ নীতি-সুবিধায় সাময়িকভাবে নিয়মিত হলেও নতুন করে খেলাপি হওয়া ঋণের কারণে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না।